জুরাছড়ি উপজেলাতে বড় ধরনের সাংগঠনিক ধাক্কার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপজেলা কমিটির আহ্বায়কসহ একযোগে ৮৭ জন নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য অসিম চাকমা। তিনি জানান, সোমবার (৯ মার্চ) জুরাছড়িতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপজেলা কমিটির সদস্যরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পরে পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, চলতি বছরের ১০ জানুয়ারি জেলা কমিটি জুরাছড়ির জন্য ছয় মাসের জন্য ৮৭ সদস্যের একটি কমিটি অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের কৌশলগত সিদ্ধান্তের কারণে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগী নেতাদের দাবি, তারা জুলাই মাসের গণআন্দোলনের চেতনা নিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠনের প্রত্যাশায় দলে যোগ দিয়েছিলেন। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত তাদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে।
এ বিষয়ে অসিম চাকমা বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থানের মিল না থাকায় তিনি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির আহ্বায়কের পদ থেকেও পদত্যাগ করেছেন।
এদিকে রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জানিয়েছেন, জুরাছড়ি উপজেলা কমিটির নেতাদের পাঠানো পদত্যাগপত্র তিনি পেয়েছেন।
অন্যদিকে দলের দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা সুলতানা ঝুমা বলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী বিষয়টি যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে নয় বরং পরে এ পদত্যাগ হওয়ায় এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চাপ থাকতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করে অসিম চাকমা বলেছেন, কোনো রাজনৈতিক চাপ নয়, আদর্শগত কারণেই তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।






