এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ ডিসেম্বর এবং ফল প্রকাশের সম্ভাব্য দিন ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর ২ ডিসেম্বর থেকে পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়ার ওপর পরীক্ষার আয়োজন নির্ভর করছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় এ পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। তবে ফল পুনর্নিরীক্ষণের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখসহ বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। এরপর পুনরায় পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। নির্দেশিকায় ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
You cannot copy content of this page