সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি দা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সাভারের ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রসেদ মিয়া (৩২), আবুল হাসেমের ছেলে মো. রিপন মিয়া (৩৩), মো. হানিফ মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৩১), রাজাসন গ্যারেজ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩১), হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সোহাবান মিয়া (২৩), আবু মিয়ার ছেলে মো. নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার হাছনের ছেলে মো. ইমন মিয়া (২৫)।
পুলিশ জানায়, ভোররাতে গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ১৫–১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলে অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়