টাঙ্গাইলের নাগরপুরে টিউবওয়েলের পানি পান করে একটি বিদ্যালয়ের অন্তত ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর অবস্থায় থাকা ২ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করার পরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুই শিক্ষার্থীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিউবওয়েলের পানিতে কেউ বিষাক্ত কিছু মিশিয়ে থাকতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহমেদ ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন জানান, টিউবওয়েলের পানি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পানিতে কোনো ধরনের বিষাক্ত পদার্থ মিশানো হয়েছে কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
You cannot copy content of this page