বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল।
সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে তার র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে সাইফুল্লাহ রাসেলের অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া তার দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রতিফলন।
তিনি আশা প্রকাশ করেন, সাইফুল্লাহ রাসেলের নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের ধারা আরও গতিশীল হবে। এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে একটি বৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
মহাপরিচালক আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগাবেন। একই সঙ্গে অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেতৃত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
You cannot copy content of this page