হরমুজ প্রণালির দক্ষিণাংশে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি অনুযায়ী, বিস্ফোরণে জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
একই সময়ে, নিজেদের জলসীমায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে ইরানের নৌবাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার ভুল নির্দেশনার কারণে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশের একটি মাইনক্ষেত্র দিয়ে অতিক্রমের চেষ্টা করে। এ সময় মাইন বিস্ফোরণে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
তবে আইআরজিসি জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা নাবিকদের হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
বিবৃতিতে আরও বলা হয়, মাইনক্ষেত্রে প্রবেশের আগে সংশ্লিষ্ট জাহাজগুলোকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই তারা এগিয়ে যায় বলে দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি নাবিকদের জীবন ও সম্পদ সুরক্ষায় বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
ঘটনার পর হরমুজ প্রণালিকে 'অত্যন্ত অনিরাপদ' উল্লেখ করে আইআরজিসি সতর্কবার্তায় বলেছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে তেল, গ্যাস ও রাসায়নিক সারবাহী জাহাজের চলাচল সীমিত করার পদক্ষেপ নেওয়া হতে পারে।
উল্লেখ্য, এই ঘটনার আগে টানা সপ্তম রাতের মতো ইরানে বিমান হামলা ও বোমাবর্ষণ চালানোর খবর প্রকাশিত হয়েছে। এর পরপরই হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের দাবির বিষয়টি সামনে আসে।
You cannot copy content of this page