পবিত্র কোরআনের ৯৯তম সুরার নাম সুরা আয-যিলযাল। এটি মদিনায় অবতীর্ণ একটি সুরা। এর আয়াত সংখ্যা ৮। সুরার প্রথম আয়াতের ‘যিলযাল’ শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। যিলযাল শব্দের অর্থ ভূমিকম্প বা প্রচণ্ড কম্পন।
এই সুরায় কিয়ামতের ভয়াবহতা, পৃথিবীর পরিবর্তন, মানুষের কৃতকর্মের হিসাব এবং পরকালে ভালো-মন্দ কাজের প্রতিফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন পৃথিবী প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে এবং তার ভেতরে থাকা সবকিছু বাইরে বের করে দেবে। সেদিন মানুষের প্রতিটি কাজের হিসাব প্রকাশিত হবে।
১. ইযা যুলযিলাতিল আরদু যিলযালাহা।
২. ওয়া আখরাজাতিল আরদু আছকালাহা।
৩. ওয়া কালাল ইনসানু মা লাহা।
৪. ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবারাহা।
৫. বি-আন্না রাব্বাকা আওহা লাহা।
৬. ইয়াওমাইযিইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাও আ‘মালাহুম।
৭. ফামাই ইয়ামাল মিছকালা যাররাতিন খাইরাই ইয়ারাহ।
৮. ওয়া মাই ইয়ামাল মিছকালা যাররাতিন শাররাই ইয়ারাহ।
১. যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে।
২. আর পৃথিবী তার ভেতরে থাকা বোঝা বের করে দেবে।
৩. তখন মানুষ বলবে, এর কী হলো?
৪. সেদিন পৃথিবী তার যাবতীয় বৃত্তান্ত বর্ণনা করবে।
৫. কারণ, তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন।
৬. সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফিরে আসবে, যাতে তাদের নিজেদের কৃতকর্ম দেখানো যায়।
৭. কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা দেখতে পাবে।
৮. আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তাও দেখতে পাবে।
সুরা জিলজালের প্রথম আয়াতে কিয়ামতের সূচনালগ্নে পৃথিবীর ভয়াবহ কম্পনের কথা তুলে ধরা হয়েছে। সেদিন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, পৃথিবী তার ভেতরে থাকা বোঝা বাইরে বের করে দেবে। তাফসিরে এর মধ্যে মৃত মানুষ, ভূগর্ভস্থ সম্পদ ও অন্যান্য সঞ্চিত বস্তুর বেরিয়ে আসার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তৃতীয় আয়াতে বর্ণনা করা হয়েছে, পৃথিবীর এমন ভয়াবহ পরিবর্তন দেখে মানুষ বিস্মিত হয়ে প্রশ্ন করবে, পৃথিবীর কী হয়েছে?
চতুর্থ ও পঞ্চম আয়াতে বলা হয়েছে, সেদিন পৃথিবী মানুষের কৃতকর্মের সাক্ষ্য দেবে। পৃথিবীর বুকে মানুষ যা কিছু করেছে, আল্লাহর নির্দেশে পৃথিবী সেসব ঘটনা প্রকাশ করবে।
এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের প্রশ্ন করেছিলেন, তোমরা কি জানো পৃথিবী তার বৃত্তান্ত কীভাবে বর্ণনা করবে? এরপর তিনি ব্যাখ্যা করেন, পৃথিবী মানুষের ভালো-মন্দ কাজের সাক্ষ্য দেবে এবং কে কোন দিন কী কাজ করেছে, তা জানিয়ে দেবে।
সূত্র: মুসনাদে আহমদ, হাদিস: ৩৭৪।
ষষ্ঠ আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপস্থিত হবে, যাতে তাদের কৃতকর্মের ফলাফল দেখানো যায়।
সুরার শেষ দুই আয়াতে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কেউ সামান্য পরিমাণ ভালো কাজ করলেও তার প্রতিদান দেখতে পাবে। একইভাবে অতি ক্ষুদ্র মন্দ কাজের হিসাব থেকেও কেউ রেহাই পাবে না।
অর্থাৎ মানুষের কোনো কাজই আল্লাহর কাছে অগোচর নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কাজ করা এবং অন্যায় থেকে বিরত থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব।
সুরা জিলজাল পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ‘ইযা যুলযিলাত’ সুরাটি পাঠ করবে, তার জন্য অর্ধেক কোরআন পাঠের সমপরিমাণ সওয়াব রয়েছে।
সূত্র: সুনানে তিরমিজি, হাদিস: ২৮৯৩।
বিপদ-আপদ ও অনিষ্ট থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো—
আরবি:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি, ওয়া হুয়াস সামিউল আলিম।
বাংলা অর্থ:
আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮৮; সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮।
সুরা জিলজাল আমাদের স্মরণ করিয়ে দেয়, পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং একদিন প্রত্যেক মানুষকে তার কাজের হিসাব দিতে হবে। ছোট-বড় কোনো ভালো বা মন্দ কাজই হিসাবের বাইরে থাকবে না। তাই দুনিয়ার জীবনে সৎকর্ম, ন্যায়বিচার, মানবিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য বজায় রেখে পরকালের প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য।
You cannot copy content of this page