দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের আয়োজন বসেছে জয়পুরহাটে। জেলার কালাই উপজেলার ৩০০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী নান্দাইল দীঘির পাড়ে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। দীঘিসংলগ্ন নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অংশ নেন হাজারো দর্শক।
হানিফ সংকেতের পরিকল্পনা, রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’ বরাবরই দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে জয়পুরহাটের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি, কৃষি ও সম্ভাবনার নানা দিক।
নতুন পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের শ্রোতাপ্রিয় তিনটি গান নিয়ে থাকছে বিশেষ সংকলিত পরিবেশনা।
এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর শিল্পী ইয়াসমিন মুশতারি।
জেলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। পাশাপাশি ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মণকে নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন।
এবারের দর্শকপর্বে জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে স্থানীয় ভাষায় পরিবেশিত হবে একটি নাট্যাংশ।
ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’র নতুন পর্বটি আগামী ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
You cannot copy content of this page