হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২৩ আগস্ট) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।
সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে।
নতুন আইটেমে ‘Matters Relating to Halal Standard and Certification’ যুক্ত করা হয়েছে। এর ফলে হালাল মান ও সনদ-সংক্রান্ত বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
অর্থাৎ, হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার কার্যক্রম এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে কাজ করে আসছে। বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালাল সনদ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ কার্যক্রম পরিচালনা করছে।
তবে এতদিন এ কার্যক্রমের আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। রুলস অব বিজনেস সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল মান ও সনদ প্রদানের বিষয়টি আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হলো।
You cannot copy content of this page