দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। নাঈম হাসানের প্রথম টেস্ট ফিফটির পরও সফরকারীদের সামনে ১৭০ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত অর্ধশতকে সহজেই সেই লক্ষ্য পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। চার মেরে দলের জয় নিশ্চিত করা কিং ১১৫ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। টেস্ট ক্রিকেটে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
অন্য প্রান্তে কাভেম হজ ২৭ বলে একটি ছক্কা ও চারটি চারে ৩১ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫১ বলে ৫০ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের জয় সহজ করে দেয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭২ রান।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৪৫ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৪২ রান।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৩৫.১ ওভারে ২ উইকেটে ১৭০ রান (ব্র্যান্ডন কিং ৮১*, কাভেম হজ ৩১*, জন ক্যাম্পবেল ৪৯, ত্যাগনারায়ণ চন্দরপল ১)। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
You cannot copy content of this page