আবারও শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নতুন আসর ‘নতুন কুঁড়ি ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছে বিটিভি।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করা এবং তাদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজক সূত্র জানিয়েছে, এবারের প্রতিযোগিতার জন্য পুরো দেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ের বাছাইপর্বে অংশ নেবে। এরপর চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়।
‘নতুন কুঁড়ি ২০২৬’-এ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন থাকছে। এর মধ্যে রয়েছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত।
বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় ৬ বছর থেকে ১১ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অংশ নিতে পারবে। আর ‘খ’ শাখায় অংশগ্রহণের জন্য বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছর।
১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয়েছিল শিশু-কিশোরদের এই জনপ্রিয় প্রতিভা অন্বেষণ আয়োজন। ‘নতুন কুঁড়ি’র মঞ্চ থেকে উঠে এসে দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই আয়োজনের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে।
দীর্ঘ বিরতির পর আবারও ‘নতুন কুঁড়ি’ ফিরে আসায় দেশের বিভিন্ন প্রান্তের নতুন প্রতিভাবান শিশু-কিশোরদের নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। নতুন প্রজন্মের শিল্পীদের খুঁজে বের করার পাশাপাশি এই আয়োজন দেশের সাংস্কৃতিক চর্চায়ও নতুন গতি তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
You cannot copy content of this page