দেশে হাম-এর প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগী ৮ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন। ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৯ জন।
এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ-এ।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২০ জন এবং সন্দেহজনক হামে ১১৮ জনের মৃত্যু হয়েছে।