রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকাগুলোতে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। এ কারণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে উপযুক্ত স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নগর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে হলে যানজট সৃষ্টিকারী কাঠামোগত সমস্যাগুলোর স্থায়ী সমাধান প্রয়োজন।
সভায় সালাহউদ্দিন আহমেদ, শেখ রবিউল আলম-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page