বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এ সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে আরও ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়েছিল।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ সাল থেকে করোনা মোকাবিলায় ভ্যাকসিন ও সরঞ্জাম আমদানিতে মোট ৪ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে প্রায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
তিনি আরও বলেন, সিরিঞ্জ ক্রয় ও পরিবহনসহ অন্যান্য খাতে নির্ধারিত অর্থ ব্যয় করা হয়েছে এবং ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সরকার এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়