চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে উপস্থিত লোকজন।
পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নেভান। তাদের তৎপরতায় আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে এতে বগিটির দুটি আসন পুড়ে যায়।
ট্রেনের কর্মচারীরা ঘটনাস্থলের কাছাকাছি একটি বোতল পড়ে থাকতে দেখেছেন। তাদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দুটি আসন পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page