ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এ সময়ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া যায়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এ ভূমিকম্পের কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদুভাবে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
পরপর তিনটি ভূমিকম্পে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
You cannot copy content of this page