প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। জাতীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের বিষয়গুলো এবারের অধিবেশনে গুরুত্ব পেতে পারে।
বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিরোধী দল সংসদে জোরালো ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলের সংসদ সদস্যরা সরব হতে পারেন। ফলে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে তৃতীয় অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
You cannot copy content of this page