রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। চুরির প্রায় ২৬ ঘণ্টা পর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো একসময় অজ্ঞাতপরিচয় চোরেরা ঘণ্টাটি নিয়ে যায়।
পরদিন ভোর সাড়ে চারটার দিকে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চুরি যাওয়া ঘণ্টাটি উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
ওসি মো. আবদুল হালিম বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে চোরেরা ঘণ্টাটি রাস্তায় ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে গভীর রাতে জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়।
ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার হলেও চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।
You cannot copy content of this page