বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে। তবে পরিবর্তনের জন্য আগামী ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে ধরা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে বর্ষাকাল থাকায় এ সময়ে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা হয়। এতে কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি গুণগত মান ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
নতুন এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামো উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের। অর্থাৎ, ওই অর্থবছর জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চে শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সূচি অনুযায়ী সরকারের আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।
অর্থবছর পরিবর্তনের বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
এ ছাড়া অর্থবছর পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।
You cannot copy content of this page