1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির, বিশ্ব নেতাদের শুভেচ্ছা

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফলে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে । দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন । এই ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তারেক রহমানের সাথে টেলিফোনে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানান । এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “সংসদ নির্বাচনে বিএনপিকে এক চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই। এই ফলাফল প্রমাণ করে যে, বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বের ওপর আস্থা রেখেছে।” তিনি দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। একই সঙ্গে তিনি সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের নির্বাচনে তারেক রহমান এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ নির্বাচনি জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।” বিবৃতিতে বলা হয়, এই বিজয় গণতন্ত্রের বিজয় এবং বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হয়ে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে ।

মালয়েশিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই রূপান্তরকালীন সময়ে তার নেতৃত্ব এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার ভূমিকা প্রশংসনীয়।

তাছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলে, দলের স্থায়ী কমিটি ৯ জানুয়ারি তারেক রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয় । এরপর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে প্রথম নির্বাচনেই তিনি দলকে নেতৃত্ব দেন এবং বিপুল এই জয় অর্জন করেন ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!