সম্প্রতি অফিস খুলে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে জুবায়ের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে **মির্জা ফখরুল ইসলাম আলমগীর**সহ বিএনপির কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছেন—বিএনপি সরকার গঠন করতে পারলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এমন বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ আওয়ামী লীগের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে। এ বিষয়ে সরকারের এই মনোভাবের প্রতি তিনি গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জুবায়ের অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় অফিস খুলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। একই সঙ্গে অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কাও দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এ বিষয়ে সরকার ও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই দেশের শান্তি, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।
সবশেষে জুবায়ের বলেন, “দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে আমরা দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিষয়ে সতর্ক, সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”







