শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তাৎক্ষণিকভাবে ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও অ্যাডজুডিকেশন কমিটির কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইউএনও আশরাফুল আলমকে ওএসডি করা হয় এবং আজকের মধ্যেই দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপজেলা প্রশাসনের আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা রেজাউল করিম নিহত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়