শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছে প্রযুক্তি জায়ান্ট Meta Platforms ও Google।
লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড বুধবার এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে মোট ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। এর মধ্যে মেটাকে ৪২ লাখ এবং Alphabet Inc.-এর মালিকানাধীন গুগলকে ১৮ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটিই প্রথম জুরি রায়, যা ভবিষ্যতে এ ধরনের আরও মামলার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মামলাটি করেছিলেন কেলি নামের ২০ বছর বয়সী এক তরুণী। তার অভিযোগ, YouTube ও Instagram-এর ‘ইনফিনিট স্ক্রল’সহ আসক্তিমূলক নকশার কারণে শৈশবেই তিনি এসব প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়েন, যা তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানায়, অ্যাপগুলোর নকশা তৈরিতে গুগল ও মেটা চরম গাফিলতি করেছে এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের যথাযথভাবে সতর্ক করতে ব্যর্থ হয়েছে।
বাদীপক্ষের প্রধান আইনজীবী বলেন, “এই রায় প্রযুক্তি খাতের জন্য একটি স্পষ্ট বার্তা—এখন আর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, জবাবদিহির সময় এসেছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়