জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিক খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তরুণ প্রজন্মের উদ্বেগ ও দাবিকে উপেক্ষা করার অভিযোগ তুলে শুক্রবার এসব কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক নেতাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের শহরে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁদের হাতে ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। কোথাও ফ্লেয়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়, আবার কোথাও ট্যাঙ্কের কার্ডবোর্ডের প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত তরুণদের নেতৃত্বাধীন একটি জোট এসব বিক্ষোভের আয়োজন করে। দেশভেদে প্রতিবাদের বিষয়বস্তুতে কিছুটা ভিন্নতা থাকলেও গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতির মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ইউরোপের সরকারগুলো ভূরাজনৈতিক সংকট মোকাবিলা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার ক্ষেত্রে বেশি মনোযোগ দিচ্ছে। অথচ তরুণ প্রজন্মের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না।
ইতালিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, দেশজুড়ে কর্মসূচিতে ৪০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন। অধিকাংশ স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও কিছু জায়গায় কর্মসূচি শেষে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
জার্মানির রাজধানী বার্লিনে প্রায় এক হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্কুলপড়ুয়া বিক্ষোভ করেন। দেশটির দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি ছিল তাঁদের উদ্বেগের অন্যতম কারণ।
অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে এবং পার্শ্ববর্তী ট্রাফালগার স্কয়ারে কয়েকশ মানুষ জড়ো হন। তাঁদের মধ্যে কয়েকজন স্কুলের পোশাক পরেও বিক্ষোভে অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
লন্ডনের কর্মসূচিতে ডানপন্থি ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার হতেও দেখেছেন।
সূত্র: এএফপি
You cannot copy content of this page