দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে আজ (বুধবার) থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করতে নবগঠিত পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।
যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য কর্মরত রয়েছেন, সেখানে বিদ্যমান সদস্যদের সমন্বয় করে প্রতিটি প্রতিষ্ঠানে মোট ১০ জন আনসার সদস্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে বুধবার থেকেই এ মোতায়েন কার্যকর করার পাশাপাশি বাস্তবায়ন শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হবে ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা। এ অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দের পরিবর্তে আনসার ও ভিডিপির নির্ধারিত বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনরাও আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
You cannot copy content of this page