নাটক থেকে অনেকটাই দূরে সরে এখন সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়াচ্ছে।
এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সিনেমাটি চলতি বছর মস্কো ও কাজান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া মেলবোর্নের একটি উৎসবেও জায়গা করে নিয়েছিল সিনেমাটি।
এবার অস্ট্রেলিয়ার আরও দুটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। উৎসব দুটি হলো—ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা আসিফ ইসলাম।
জানা গেছে, ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি। চার দিনব্যাপী এ উৎসব চলবে ১ নভেম্বর পর্যন্ত। উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমাও প্রদর্শিত হবে।
অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ শুরু হবে ১২ নভেম্বর এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এটিও চার দিনের আয়োজন। সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের ধারাবাহিকতার অংশ হিসেবে পার্থের এ উৎসব আয়োজন করা হচ্ছে এবং তিনটি উৎসবের নেপথ্যের আয়োজক একই।
‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প গড়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপটে। দর্শকের চাহিদার চাপে কীভাবে মূল যাত্রার পরিবর্তে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠেন মূল আকর্ষণ, সেই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চরিত্রটির জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রটি করতে পেরে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।
সিনেমাটিতে ভাবনা ছাড়া অন্য অভিনয়শিল্পীদের অধিকাংশই বাস্তব যাত্রাশিল্পী। ফলে সিনেমাটিতে যাত্রাশিল্পীদের জীবন ও পরিবেশের একটি বাস্তবধর্মী উপস্থাপন দেখা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে ভাবনার ‘যাপিত জীবন’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি তিনি কাজ করছেন ‘যাযাবর’ সিনেমায়। তার হাতে রয়েছে ‘ঢাকা ১২০৫’ ও ‘পায়েল’ সিনেমাও।
You cannot copy content of this page