ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ভিডিওতে আহত ব্যক্তিদের পাশাপাশি ঘটনাস্থলে রক্তাক্ত মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
চলতি মাসে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এ অভিযানে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কিছু এলাকা পুনরুদ্ধার করেছে তারা।
অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ বড় নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে হুথিরা। এতে দেশটিতে চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইয়েমেনের সংঘাতও বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।
You cannot copy content of this page