মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিং ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে প্রধানমন্ত্রীর সফর ও দেশে ফেরা উপলক্ষে কোনো শোডাউন বা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এর আগে মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
You cannot copy content of this page