কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। সেখানে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে আছেন।
এর আগে, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়।
You cannot copy content of this page