দেশের চারটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকবে।
এ সময়ে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়