হাম প্রতিরোধে ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আর ৩ মে থেকে এ কর্মসূচি দেশব্যাপী চালু হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর কনভেনশন সেন্টারে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা কার্যক্রম বিরতিহীনভাবে চালানো হবে। তিনি বলেন, প্রথম দিনে লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার শিশুকে টিকা দেওয়া, যার মধ্যে ৭৩ হাজার শিশু টিকা পেয়েছে—অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ সফলতা অর্জিত হয়েছে।
তিনি আরও জানান, টিকা সংগ্রহ করা হচ্ছে ইউনিসেফ ও গ্যাভির মাধ্যমে, অন্য কোনো উৎস থেকে কেনা হয়নি।
হাসপাতালে চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান বাড়ানো হবে এবং সারাদেশে আইসোলেশন বেড ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং আগামী অর্থবছর থেকে দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়