প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের ওপর রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের ওপর ফরজ করা হয়েছিল—যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (আল-কুরআন, সুরা বাকারা : ১৮৩)
মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন হাদিসে রমজান ও রোজার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। নিচে রোজা ও রমজান বিষয়ে ৯টি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো—
১. রোজাদারের গোনাহ মাফ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার আগের গোনাহ মাফ করে দেওয়া হবে।’
(সহিহ বুখারি : ৩৮)
২. রোজাদারের জন্য জান্নাতের দরজা ‘রাইয়ান’
সাহল বিন সাদ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘জান্নাতের একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কেয়ামতের দিন এ দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে।’
(সহিহ বুখারি : ১৮৯৬)
৩. রোজা ঢালস্বরূপ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন,
‘রোজা ঢালস্বরূপ। কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে। কেউ ঝগড়া করলে সে বলবে—আমি রোজাদার।’
(সহিহ বুখারি : ১৮৯৪)
৪. রোজার প্রতিদান দেবেন আল্লাহ নিজেই
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন,
‘আল্লাহ তাআলা বলেন, রোজা ছাড়া আদম সন্তানের সব কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব।’
(সহিহ বুখারি : ১৯০৪)
৫. রমজানে আছে হাজার মাসের চেয়েও উত্তম রাত
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন,
‘রমজান বরকতময় মাস। এ মাসে একটি রাত আছে, যা হাজার মাসের চেয়েও উত্তম।’
(সুনানে নাসায়ি : ২১০৬)
৬. জান্নাত লাভের আমল
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান আনবে, নামাজ পড়বে, জাকাত দেবে এবং রমজানের রোজা রাখবে—আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।’
(সহিহ বুখারি : ৭৮২৩)
৭. রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের বন্দি করা হয়।’
(সহিহ মুসলিম : ১০৭৯)
৮. ক্ষমা লাভের মহাসুযোগ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘ধ্বংস সেই ব্যক্তির, যার কাছে রমজান মাস এলো এবং চলে গেল, অথচ সে নিজের পাপ ক্ষমা করাতে পারল না।’
(সুনানে তিরমিজি : ৩৫৪৫)
৯. রমজানে ওমরার ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘রমজান মাসে ওমরা করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়