অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়। এর আগে মঙ্গলবারও একই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মোট ১৩৩টি অধ্যাদেশ খুঁটিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদ সদস্যরা। তাদের মধ্যে সালাউদ্দিন আহমদ, মো. নুরুল ইসলাম ও মো. আসাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা রয়েছেন।
গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান কাজ হলো—অধ্যাদেশগুলোর কার্যকারিতা মূল্যায়ন করে কোনগুলো বহাল থাকবে এবং কোনগুলো বাতিল হবে সে বিষয়ে সুপারিশ প্রদান করা।
উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী এসব অধ্যাদেশ উত্থাপন করেন। নিয়ম অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়