বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রে চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীদের উপস্থিতি বাড়তে থাকে।
দিনভর ভোট দিতে এফডিসিতে আসেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম, কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেতা আবুল হায়াত এবং চিত্রনায়ক রুবেল। তাদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নতুন প্রজন্মের শিল্পীরাও ভোটাধিকার প্রয়োগে ছিলেন সমান উৎসাহী। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক তরুণ শিল্পী ভোট দেন। ভোট শেষে সহশিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আড্ডায় মেতে উঠতে দেখা যায় অনেককে।
শিল্পীদের পদচারণায় দিনভর সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় তারকাদের একনজর দেখতে ভোটকেন্দ্রের আশপাশেও ভিড় করেন ভক্ত ও উৎসুক দর্শনার্থীরা।
এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
You cannot copy content of this page