বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বন্যা পরিস্থিতির অবনতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া জেলাগুলো হলো— চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান।
বুধবার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, তার মধ্যে রয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে প্রথমে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
You cannot copy content of this page