চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগি ও পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে গঠিত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে আগুনের কারণ হিসেবে ধারণা করা হলেও, তদন্তের মাধ্যমে চূড়ান্ত কারণ নির্ধারণ করা হবে। কোনো গাফিলতি বা নির্দিষ্ট কারণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ পাওয়ার কার ও সংযুক্ত ‘চ’ বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ক্ষতিগ্রস্ত বগি দুটি বিচ্ছিন্ন করে বিকল্প বগি সংযোজনের মাধ্যমে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়