স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তারেক রহমান আরও নির্দেশ দেন, স্থানীয় পর্যায়ে আলোচনা করে বিএনপির নেতারা যেন একক প্রার্থী নির্ধারণ করেন। কোনোভাবেই একাধিক প্রার্থী দিয়ে দলের মধ্যে বিভক্তির সুযোগ রাখা যাবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রায় প্রতি সপ্তাহেই রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা করছেন তিনি। এসব সভায় সংগঠনের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি সরকার পরিচালনায় জনগণের প্রতি নেতাকর্মীদের দায়বদ্ধতার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
দলীয় দায়িত্বশীল নেতারা জানান, জাতীয় কাউন্সিলের আগে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থা সম্পর্কে সরাসরি ধারণা নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতেই এসব মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। সরকার ও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ নেতৃত্বের মূল্যায়নও করা হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, শামীম কায়সার লিংকন এমপি, আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর রাখতে দলের চেয়ারম্যান নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
সভায় অংশ নেওয়া গাইবান্ধা-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, বৈঠকে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, তৃণমূল পর্যায়ে আলোচনার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দলের একাধিক প্রার্থী না থাকে।
এর আগে ১৯ জুলাই গুলশানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে একই ধরনের সাংগঠনিক সভা করেন তারেক রহমান। এসব বৈঠকে দলীয় কোন্দল নিরসন, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে পুনর্গঠন এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিএনপি চেয়ারম্যান স্থানীয় সরকার নির্বাচনের আগেই দলের পুনর্গঠন কার্যক্রম শেষ করতে চান। এর অংশ হিসেবে গত ৪ জুলাই তিনি গুলশান কার্যালয়ে ঢাকা জেলা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গেও সাংগঠনিক বৈঠক করেন।
You cannot copy content of this page