1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির আইন আসছে: তথ্যমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দিতে আইন করা হবে এবং আগামী সংসদ অধিবেশনে তা পাস করা হবে।

বুধবার (২৫ মার্চ) সকালে সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এখন থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা হবে।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, দায়িত্ব নেওয়ার ২১ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই কার্ড দেওয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে এবং প্রতিটি নির্বাচনি এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

কৃষি খাতে উদ্যোগের বিষয়ে তিনি বলেন, আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এ সুবিধা পাবেন।

মন্ত্রী আরও জানান, সংসদ সদস্যরা আর শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা নেবেন না এবং প্রধানমন্ত্রীর ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য খাতে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী হবে। পাশাপাশি সবার জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, এবারের ঈদের আগে গার্মেন্টস খাতে বেতন-বোনাস নিয়ে কোনো শ্রমিক অসন্তোষ হয়নি। সময়মতো পরিশোধ নিশ্চিত করতে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদাবাজি দমন ও অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে। বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সুবিধাও দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করার আহ্বান জানান তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!