ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
স্ট্যাটাসে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতা।
নাহিদ ইসলাম বলেন, অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এনসিপি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিতে হবে। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দেশটির শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।
এদিকে, অর্জুন সিংয়ের বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন নাহিদ। সরকারের এমন নির্লিপ্ততাকে স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষের সাহস ও সংগ্রামের ইতিহাস অর্জুন সিংদের অজানা। অতীতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই পরিস্থিতি আর ফিরে আসবে না। দেশের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও উল্লেখ করেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গেও বাংলাদেশের স্বার্থ গভীরভাবে জড়িত। বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করে কিংবা প্রক্সি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ভারতের অখণ্ডতার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সদা প্রস্তুত।
You cannot copy content of this page