শ্রমিক অসন্তোষের জেরে বুধবার (১৮ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের অন্তত ২০১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ার ১১২টি এবং গাজীপুরের ৮৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার ১১২টি কারখানায় এদিন উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৪টি কারখানা বন্ধ রাখা হয়েছে। আগে থেকেই নোটিশ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল আটটি কারখানায়। এ ছাড়া নতুন করে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে মোট ৮৯টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাকি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, খেজুরবাগান এবং সাভারের হেমায়েতপুর এলাকার অনেক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি বলেন, দুপুরে কারখানা ছুটির পর আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণ পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া নরসিংহপুর এলাকায় শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে তিনি জানান।
শ্রমিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করে খায়রুল মামুন মিন্টু বলেন, ডিসেম্বরের আগেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করে ১ ডিসেম্বর থেকে কার্যকর করার দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা। নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করলেও গত ১৬ নভেম্বর বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করা হয়। পাশাপাশি মালিকপক্ষ এখনো কোনো প্রস্তাব জমা দেয়নি।
তার দাবি, এসব কারণে শ্রমিকদের মধ্যে মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও কালক্ষেপণের আশঙ্কা তৈরি হয়েছে।
You cannot copy content of this page