রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ব্রিফিংয়ে বিষয়টি জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও রাষ্ট্রসংস্কারের বিষয়ে বিএনপি অনীহা দেখিয়েছে। তাদের প্রত্যাশা ছিল, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের পথে এগিয়ে এলে ক্ষমতাসীন ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি পদে একক প্রার্থী দিতে পারত। কিন্তু তা হয়নি। এ কারণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যের প্রস্তাব ও আরেকজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
You cannot copy content of this page