ভোটাধিকার নিশ্চিত করতে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদ-এ কণ্ঠভোটে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার বিলটির দফাওয়ারি সংশোধনী উত্থাপন করেন। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪, শিরোনাম ও প্রস্তাবনা কণ্ঠভোটে পাস হয়।
বিলটি উত্থাপন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে।
তিনি আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশকে ৩০ দিনের মধ্যে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা ছিল। এই বিল পাসের মাধ্যমে সর্বজনীন ভোটাধিকার বাস্তবায়ন আরও সহজ হবে।
ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে বিলটি পাস হয়।
উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে জারি করা ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ এখন পূর্ণাঙ্গ আইনে রূপ পেল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়