রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর একটি শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) ইফতারের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতর ও সামনে কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফকে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন স্টাফকে চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে এবং আরেকজনকে বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করছেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার করতে কয়েকজন ক্রেতা রেস্তোরাঁয় গেলে খেজুরের দাম নিয়ে কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন স্টাফ ক্রেতাদের ওপর হামলা চালান।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয়েছেন। মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ দিতে এসেছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়