রংপুরে বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন।
পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় তার পৌঁছানোর কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনার কারণে তিনি রাতে রংপুরে পৌঁছান। এর আগে দুপুরে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।
বিকেল থেকেই কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা জড়ো হন। ছোট ছোট মিছিল নিয়ে আগত নেতাকর্মীদের হাতে ধানের ছড়া ও প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের রংপুর আগমন ঘিরে পুরো সমাবেশস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়