গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই শুল্কারোপের ঘোষণা দেন ট্রাম্প।
পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হবে, ততক্ষণ ইউরোপের মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ ক্রমবর্ধমান হারে অব্যাহত থাকবে।
ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এই শুল্ক আগামী ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে এবং গ্রিনল্যান্ড কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
গ্রিনল্যান্ড দখলে নিতে সম্প্রতি বলপ্রয়োগের ইঙ্গিতও দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এ সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন, তার অবস্থানের বিপরীতে থাকা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। সর্বশেষ ঘোষণার মাধ্যমে সেই হুমকিই বাস্তবায়ন করলেন তিনি।
ইউরোপের মিত্রদের উদ্দেশে ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড ‘অজানা উদ্দেশ্যে’ গ্রিনল্যান্ডে গিয়েছে এবং তারা সেখানে ‘অত্যন্ত বিপজ্জনক খেলা’ খেলছে।
সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে এ মুহূর্তে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়াই সবচেয়ে কার্যকর পথ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, কয়েক শতাব্দি পর ডেনমার্কের সামনে সময় এসেছে গ্রিনল্যান্ড ফিরিয়ে দেওয়ার। তার দাবি অনুযায়ী, বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে—চীন গ্রিনল্যান্ড চায় এবং ডেনমার্ক তা ঠেকাতে সক্ষম নয়।
এদিকে, শুল্ক আরোপের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের দখলদারত্বমূলক নীতির বিরুদ্ধে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়