1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

চুয়েটে তালা ভেঙে দপ্তরে ঢুকলেন নতুন উপাচার্য

লিমন, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পৌঁছান উপাচার্য। সেখানে নিজেকে শুধু ‘শিক্ষক’ পরিচয় দিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।

পরে পুলিশি নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। এ সময় তার কক্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এ সময় মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, মুখোশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতিতে যান। এর ফলে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলন ও ক্যাম্পাসের তালাবদ্ধ পরিস্থিতির কারণে নিয়োগ পাওয়ার পর এতদিন সশরীরে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি নতুন উপাচার্য। তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অবশেষে সোমবার সকালে ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে নিজের দপ্তরে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তার ক্যাম্পাসে প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page