
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার অপর তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতারের উদ্দেশ্যে রাজধানীর বনানী এলাকার ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসভবনে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। পরে ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
মামলার নথি অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার দায়ের করা শ্রম আইন সংক্রান্ত মামলায় হাজির না হওয়ায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
পরবর্তীতে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।