
চট্টগ্রাম নগরীর চেরাগী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ফুটপাতে উঠে গেলে চারজন পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় একটি রিকশা ও একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ২০০ থেকে ৩০০ মানুষ জড়ো হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মমিন ফরহাদ আজাদী জানান, কৃষ্ণা চক্রবর্তী নামে এক নারী প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। তার বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
তিনি আরও জানান, চালক ও গাড়িটি থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।