
বান্দরবানের লামা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝীরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. শাহজাহান ও বেলাল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে এনামসহ তিনজন একটি মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে লামা উপজেলা সদরের উদ্দেশে রওনা দেন। পথে বদুরঝিরি টার্নিং পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।