
দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সব ধরনের শাক-সবজির পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দামও। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে খুচরা পর্যায়ে ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন থেকে চার দিন আগেও ছিল ৪০ টাকা। মাঝারি মানের বা তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।
অন্যদিকে, পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ পেঁয়াজের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে দাম বেড়েছে। পাশাপাশি অনেক এলাকায় গুদামে পানি প্রবেশ করায় পেঁয়াজ নষ্ট হচ্ছে, যার প্রভাব বাজারে পড়েছে।
নাসিরনগর বাজারের পেঁয়াজ বিক্রেতা সোহাগ মিয়া বলেন, ভৈরব ও মাধবপুরের মোকাম থেকে তাদের এলাকায় পেঁয়াজ আসে। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মোকামেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। ফলে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
ক্রেতা জুলহাস বলেন, গত সপ্তাহেও তিনি ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। এখন একই পণ্য কিনতে প্রায় ২০ টাকা বেশি গুনতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও তিনি জানান।